ইনকিলাবের প্রতিবেদন অনুযায়ী, আবুধাবি থেকে বাংলাদেশে আনা স্বর্ণের ডিম কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে না পেরে আবারও আবুধাবিতে ফেরত নেওয়ার চেষ্টার সময় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) পৃথক দুটি অভিযানে ছয়টি স্বর্ণের ডিম আটক করেছে। আটক হওয়া এই স্বর্ণের ওজন ২ কেজি ৭২৮ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৯১ লাখ টাকা। তবে চ্যানেল ২৪-এর সংবাদে এই স্বর্ণের মূল্য প্রায় ৫ কোটি টাকা বলে উল্লেখ করা হয়েছে এবং সেগুলোকে ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট বলা হয়েছে।
ইনকিলাবের তথ্য অনুযায়ী, গত রোববার (১ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে আবুধাবিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২৭ ফ্লাইটে অভিযান চালানো হয়। এ সময় মোহাম্মদ মিনহাজ নামের এক সন্দেহভাজন যাত্রীকে ফ্লাইট থেকে অফলোড করা হয়। ফ্লাইটটি সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ছেড়ে যাওয়ার পর কাস্টমস গোয়েন্দাদের তৎপরতায় ওই যাত্রীর সহযোগিতায় ১ কেজি ৩৬৪ গ্রাম ওজনের তিনটি স্বর্ণের ডিম উদ্ধার করা হয়। এছাড়া বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় আরও ১ কেজি ৩৬৪ গ্রাম ওজনের তিনটি স্বর্ণের ডিম উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, স্বর্ণের ডিমগুলো আগে আবুধাবি থেকে দেশে আনা হলেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় সেগুলো পুনরায় আবুধাবিতে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। এই চোরাচালানের নতুন কৌশল, প্রকৃত উৎস, আন্তর্জাতিক যোগাযোগ ও জড়িত ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে ইনকিলাবকে জানানো হয়েছে।






