বাংলা ট্রিবিউনের কাছে আসা তথ্যানুযায়ী, গাইবান্ধা সদর উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে ‘দ্বীনের মাদ্রাসা’র প্রতিষ্ঠাতা পরিচালক হাছান আলীকে (৬৯) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির বরাতে বাংলা ট্রিবিউন জানায়, প্রায় আট বছর আগে ওই কিশোরীকে মাদ্রাসার আবাসিক শাখায় ভর্তি করা হয়। তার বাবা-মা ঢাকায় থাকার সুবাদে প্রতি মাসে গাইবান্ধায় এসে মেয়ের সঙ্গে দেখা করতেন এবং খরচ দিতেন।
অভিযোগে প্রকাশ, প্রায় ছয় মাস আগে থেকে মাদ্রাসার পরিচালক ওই কিশোরীকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি ভুক্তভোগী তার বাবা-মাকে জানালে তারা পরিচালকের সঙ্গে ফোনে কথা বলেন এবং পরিচালক ভুল স্বীকার করেন। গত শুক্রবার (২৮ আগস্ট) সকালে পরিচালক কিশোরীকে নিজের বাড়িতে ডেকে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করেন এবং বিষয়টি কাউকে জানালে হত্যা ও লাশ গুমের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
পরবর্তীতে মোবাইল ফোনের মাধ্যমে কিশোরী বিষয়টি ঢাকায় থাকা বাবা-মাকে জানালে তারা শনিবার মাদ্রাসায় এসে বিস্তারিত শোনেন এবং রবিবার গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পলাশবাড়ী থেকে অভিযুক্তকে গ্রেফতার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বাংলা ট্রিবিউনকে জানানো হয়।





