বাংলাদেশে দীর্ঘমেয়াদি বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতিগত সংস্কার, ব্যাংক খাতের দুর্বলতা দূর করা এবং ব্যবসার পরিবেশ উন্নত করার ওপর গুরুত্ব দিয়েছে বিশ্বব্যাংক গ্রুপ। বাংলা ট্রিবিউনের প্রতিবেদনা অনুযায়ী, সবুজ তৈরি পোশাক, মধ্যবিত্তের আবাসন, রং ও রঞ্জক উৎপাদন এবং ডিজিটাল আর্থিক সেবা—এই চারটি খাতে সুনির্দিষ্ট নীতিগত পদক্ষেপ নেওয়া গেলে বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।
ব্যাংককের চলমান ২০২৬ সালের বার্ষিক সভার অংশ হিসেবে আয়োজিত ‘আনলকিং ইনভেস্টমেন্ট ফর জবস’ শীর্ষক আলোচনায় বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি ও আর্থিক খাতের নানা দিক তুলে ধরা হয়। বাংলা ট্রিবিউনের বিজনেস এডিটর গোলাম মওলার প্রশ্নের জবাবে বিশ্বব্যাংক গ্রুপের বিশেষজ্ঞ সেবাস্তিয়ান বোয়াত্রো ও অন্যান্য বিশেষজ্ঞরা এসব তথ্য জানান।
বিশ্বব্যাংকের মূল্যায়ন অনুযায়ী, নতুন আবাসন নির্মাণে বিনিয়োগ বাড়লে নির্মাণশিল্পে বছরে ২৩ লাখ ৭০ হাজার কর্মসংস্থান হতে পারে। এছাড়া দেশীয় রং ও রঞ্জক উৎপাদনে ৬ লাখ ৬৪ হাজার এবং ডিজিটাল আর্থিক সেবায় ৯৬ হাজার থেকে ৪ লাখ ৬০ হাজার নতুন কর্মসংস্থান তৈরি সম্ভব। ব্যাংক খাতের ভিত্তি শক্তিশালী করতে বিশ্বব্যাংক ৪৫০ মিলিয়ন ডলার অর্থায়ন অনুমোদন করেছে বলেও জানানো হয়।



