দেশ রূপান্তরের প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর পেঁয়াজের বাজারে পুরোনো চিত্র বদলে গেছে। চাহিদার বেশি উৎপাদন, সিন্ডিকেটের নিয়ন্ত্রণমুক্ত হওয়া এবং সংরক্ষণ-ব্যবস্থার উন্নতির কারণে একই সময়ে পেঁয়াজের দাম না বেড়ে বরং কমছে। পাশাপাশি বাজারে নতুন মৌসুমের পাতা-পেঁয়াজও আসতে শুরু করেছে। অতীতে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজের সরবরাহ ও দাম নিয়ে নানা অস্থিরতা থাকলেও এবার সেই পরিস্থিতি নেই।
বিবিএস ও ডিএইর তথ্য অনুসারে, গত মৌসুমে দেশে ৩৮ লাখ টনের বেশি পেঁয়াজ উৎপাদিত হয়েছে, যা আগের মৌসুমের ৩২ লাখ টনের বেশি উৎপাদনকে ছাড়িয়ে গেছে। অথচ বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের হিসাব অনুযায়ী দেশে বার্ষিক চাহিদা প্রায় ২৮ থেকে ৩০ লাখ টন। পর্যাপ্ত দেশীয় উৎপাদনের কারণে এ বছর চাহিদা মেটাতে কোনো আমদানি করতে হয়নি। অতীতে ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে ভারতসহ বিভিন্ন দেশের ওপর আমদানিনির্ভরতা ছিল। এমনকি গত বছরও শেষ পর্যন্ত সীমিত পরিসরে প্রায় ৮৬ হাজার টন পেঁয়াজ আমদানি করতে হয়েছিল।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, উৎপাদনে অগ্রগতি হলেও সংরক্ষণজনিত অপচয় এখনো একটি বড় সমস্যা। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) তথ্য অনুযায়ী, সংরক্ষণ ব্যবস্থার দুর্বলতায় শুধু পেঁয়াজেই বছরে ২ হাজার কোটি টাকার বেশি বা ২৫ শতাংশের বেশি পণ্য নষ্ট হয়। এই ক্ষতি কমাতে সরকার কৃষক পর্যায়ে এয়ার ফ্লো মেশিন বিতরণ করছে এবং এ পর্যন্ত ২৭ হাজার ৭০০টি মেশিন সরবরাহ করা হয়েছে। এছাড়া গাজীপুরে গামা ই-রেডিয়েশন কেন্দ্র নির্মাণ করা হয়েছে, যা পেঁয়াজের অঙ্কুরোদ্গম ও পচন কমাতে সহায়ক হতে পারে।






