সমকালের প্রতিবেদন অনুযায়ী, সুন্দরবনের দুবলার চরের আলোরকোল শুঁটকি পল্লিসংলগ্ন সমুদ্র সৈকতে শুক্রবার বিকেলে গোসল করতে নেমে একজন পর্যটক নিখোঁজ হয়েছেন।
কোস্ট গার্ড ও বন বিভাগের সূত্রে জানা গেছে, 'ইকোট্যুরিজম' নামের একটি পর্যটকবাহী লঞ্চ ২০ জন পর্যটক নিয়ে সুন্দরবনের হিরণ পয়েন্ট ও নীলকমল এলাকা ঘুরে আলোরকোলে পৌঁছায়। সেখান থেকে ট্রলারের মাধ্যমে পর্যটকদের চরে নেওয়া হয়। তিনজন পর্যটক সমুদ্র সৈকতে গোসল করতে নামেন এবং ঢেউয়ের সঙ্গে সাঁতার কাটছিলেন। একপর্যায়ে প্রবল ঢেউ ও স্রোতের টানে তাদের একজন পানিতে তলিয়ে যায় এবং মুহূর্তের মধ্যে সাগরে হারিয়ে যান।
ঘটনা দেখে স্থানীয় জেলেরা দ্রুত ট্রলার নিয়ে তল্লাশি শুরু করেন। পরে কোস্ট গার্ড ও বন বিভাগের সদস্যরাও উদ্ধার অভিযানে যোগ দেন। তবে সাগরে প্রচণ্ড ঢেউ ও অন্ধকার নেমে আসায় উদ্ধার কার্যক্রম পরিচালনাতে সমস্যা হচ্ছে। রাত ৯টা ৪৫ মিনিট পর্যন্ত নিখোঁজ পর্যটকের সন্ধান পাওয়া যায়নি।
কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম জানান, নিখোঁজ পর্যটককে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনা অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. হাছানুর রহমান জানান, শুক্রবার সকালে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে পাস নিয়ে দুটি পর্যটকবাহী লঞ্চ পূর্ব সুন্দরবনের দুবলার চরে গিয়েছিল। ওই দুটি লঞ্চে মোট ৩০ জন পর্যটক ছিলেন। তবে নিখোঁজ ব্যক্তি কোন লঞ্চের যাত্রী, তা নিশ্চিত হয়নি।
বন বিভাগের দুবলা জেলে পল্লীর ইনচার্জ ফরেস্ট রেঞ্জার খলিলুর রহমান জানান, ঘটনার পর পর্যটকদের পক্ষ থেকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে উদ্ধার অভিযানে সহযোগিতা চাওয়া হয়। আলোরকোল শুঁটকি পল্লির রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী ও সাধারণ সম্পাদক মো. জাকির শেখও ঘটনার পু्ष্টি করেছেন।





