রংপুরের মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর ইউনিয়নের দৌলত রসুলপুর (মিয়াপাড়া) গ্রামে শুক্রবার দুপুরে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিরিনা আক্তার (১৯) ছিলেন উপজেলার রাফিউল ইসলামের স্ত্রী। প্রায় এক বছর আগে তাদের পারিবারিকভাবে বিয়ে হয়েছিল বলে এলাকাবাসী জানান।

প্রতিবেশীরা শুক্রবার দুপুরে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখে পান। অভিযোগ রয়েছে, মরদেহ ঘরে রেখে অভিযুক্তরা—শ্বশুর, শাশুড়ি ও ননদ—বাড়ির গরু-ছাগল নিয়ে অন্যত্র চলে যান। মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হয়নি।

মিঠাপুকুর থানার ওসি রুহুল আমিন সমকালকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মরদেহে কোনো রক্তের দাগ বা আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, গলায় দাগ ছিল। এ থেকে ধারণা করা হচ্ছে, ফাঁস দিয়ে আত্মহত্যা করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন আসার পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে ওসি জানান।