বাংলা ট্রিবিউন অনুযায়ী, জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী রিয়োসেই আকাজাওয়া গত ২৮ অক্টোবর বাংলাদেশে সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছিলেন। বৈঠকের ছবিসহ তিনি জাপানি ভাষায় একটি পোস্ট শেয়ার করেছিলেন, যেখানে স্পষ্টভাবে তারেক রহমানের নাম উল্লেখ ছিল। কিন্তু এক্স-এর স্বয়ংক্রিয় অনুবাদ ফিচার সেই পোস্টটির ইংরেজি সংস্করণে তারেক রহমানের পরিবর্তে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম বসিয়ে দিয়েছিল।
শুক্রবার (৬ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে জাপানি মন্ত্রী আকাজাওয়া বলেন, ‘এটি আসলে অত্যন্ত গুরুতর একটি বিষয়। এই ভুলের কারণে বাংলাদেশের মানুষের মনে এমন ভুল ধারণা তৈরি হতে পারে যে, জাপানের বাণিজ্যমন্ত্রী হয়তো বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর নামই জানেন না!’
জাপানি মন্ত্রী জানান, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও দু’বার এক্স-এর অনুবাদের কারণে তিনি এমন বিপাকে পড়েছেন: ১. কুয়েতের তেলমন্ত্রী তারেক আল-রুমির সঙ্গে অনলাইন বৈঠকের পোস্টটি অনুবাদ হয়ে কাতারের জ্বালানি মন্ত্রীর নাম দেখায়। ২. মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লাটনিকের সঙ্গে বৈঠকের পোস্টে অনুবাদের সময় ভুল নাম উঠে আসে।
এভাবে তিন-তিনবার একই ভুলের মুখোমুখি হয়ে দ্রুত প্ল্যাটফর্মটির অনুবাদ ফিচারটি সংশোধন ও পর্যালোচনা করার জোর দাবি জানান মন্ত্রী আকাজাওয়া। তবে এ বিষয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি যোগাযোগ করলেও এক্স-এর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।






