প্রথম আলো জানিয়েছে, রাজধানীর আগারগাঁওয়ের তালতলা এলাকায় ‘মেসার্স হাসান ফিলিং অ্যান্ড সার্ভিসিং স্টেশনে’ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীদের হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। অভিযোগের মূল কারণ হিসেবে উঠে এসেছে খোলা বোতলে অকটেন বিক্রি না করা।

ফিলিং স্টেশনের ব্যবস্থাপক সুজন মিয়া প্রথম আলোকে জানান, মঙ্গলবার বেলা তিনটার দিকে দুজন ব্যক্তি বোতলে তেল নিতে আসলে কর্মচারীরা অস্বীকৃতি জানায়। এরপর তারা শেকৃবি শিক্ষার্থী পরিচয় দিয়ে হুমকি দেয় এবং তেল নিতে আসা আরেক ব্যক্তিকে মারধর করে। এর আধা ঘণ্টা পর ৩০ থেকে ৪০ জনের একটি দল মোটরসাইকেলে এসে পাম্পে হামলা চালায়।

হামলায় পাম্পের তেল সরবরাহ যন্ত্র, ক্যাশ কাউন্টার, সিসি ক্যামেরা ভাঙচুর করা হয়। সিসি ক্যামেরার ডিভিআর, ল্যাপটপ এবং তেল বিক্রির টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ। এতে রাসেল নামের এক কর্মচারী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

শেকৃবি সহকারী প্রক্টর অধ্যাপক তাজুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, খোলা বোতলে তেল না দেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীদের সঙ্গে কর্মচারীদের ঝামেলা হয়। এতে দুজন শিক্ষার্থী আহত হন। পরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা দুই কর্মচারীকে ক্যাম্পাসে নিয়ে আসেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিস্থিতি শান্ত রাখতে চেষ্টা করছে।

ঘটনার পর শেরেবাংলা নগর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে পাম্প কর্তৃপক্ষের অভিযোগ, পুলিশ হামলাকারীদের সঙ্গে আলোচনা করে সমাধানের পরামর্শ দিয়েছে। থানার ওসি মুহাম্মদ শাহিদুল ইসলাম প্রথম আলোকে জানান, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।