ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী হীরা লাল (মানিক) নিখোঁজ হওয়ার তিন দিনেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। প্রথম আলোর কাছে পাওয়া তথ্যানুযায়ী, গত মঙ্গলবার রাজধানীর মহাখালীর টিবি গেট এলাকা থেকে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে পুলিশ এখনো তাঁকে খুঁজে পায়নি।
জিডিতে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার বেলা ১টা থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে মহাখালীর টিবি গেট এলাকা থেকে তিনি নিখোঁজ হন। তাঁর ছেলে রিমন লাল পরদিন বনানী থানায় জিডি করেন। হীরা লাল মহাখালীর টিবি গেট এলাকায় একটি বিমাপ্রতিষ্ঠানে চাকরি করতেন এবং পুরান ঢাকার বাসা থেকে কর্মস্থলে যাতায়াত করতেন।
পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজে মঙ্গলবার বেলা দেড়টার দিকে মহাখালীর ব্র্যাক সেন্টারের সামনে তাঁকে হাঁটতে দেখা গেলেও এরপর আর তাঁর কোনো সন্ধান মেলেনি। মামলার তদন্ত কর্মকর্তা ও বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. রেজোয়ানুল হক জানান, হীরা লালের মুঠোফোন বন্ধ রয়েছে এবং তাঁকে খুঁজে বের করার চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান মেলেনি।






