আজকের পত্রিকার প্রতিবেদনে জানা যায়, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) একজন নারী সার্জেন্টের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ৫০ লাখ টাকা জমা পড়েছে। ব্যাংকের নথি থেকে এই তথ্য জানা গেছে। তবে এই বিশাল অঙ্কের টাকার উৎস বা কারণ সম্পর্কে সার্জেন্ট কোনো তথ্য দিতে চাননি।
প্রতিবেদনে সার্জেন্টের নাম উল্লেখ করা হয়েছে সাবিহা আক্তার। তিনি যে প্রতিষ্ঠান থেকে টাকা নিয়েছেন, সেটির নাম নিউরন নার্সিং কোচিং সেন্টার। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সাইফুল ইসলাম, যিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা কমিটির সাবেক আহ্বায়ক।
এক্সিম ব্যাংকের লেনদেনের নথি অনুযায়ী, ২০২২ সালের ৩০ আগস্ট নিউরন নার্সিং কোচিং সেন্টারের ব্যাংক হিসাবে নগদ ৫০ লাখ টাকা জমা করা হয়। এরপর একই দিন সার্জেন্ট সাবিহা আক্তারের অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা ট্রান্সফার করা হয়।
গত সোমবার দুপুরে আরএমপির ট্রাফিক অফিসে ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) আনোয়ার হোসেনের কক্ষে সার্জেন্ট সাবিহা আক্তার সাংবাদিকদের বলেন, ‘আমার অ্যাকাউন্টে ৫০ লাখ কেন, ১ কোটি-২ কোটি টাকাও ঢুকতে পারে।’ টাকার উৎস জানতে চাইলে তিনি বলেন, ‘যিনি টাকা দিয়েছেন, তাঁকেই এ বিষয়ে জিজ্ঞেস করুন। আমি সাংবাদিকদের কাছে জবাবদিহি করতে বাধ্য নই।’
পরদিন গত মঙ্গলবার রাত ৯টায় নগরের লক্ষ্মীপুর ঝাউতলা মোড়ে সাইফুল ইসলামের সঙ্গে দেখা করতে যান সার্জেন্ট সাবিহা আক্তার। তিনি তখন ইউনিফর্মে ছিলেন।
নিউরন নার্সিং কোচিং সেন্টারের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম প্রথমে কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন। পরে তিনি বলেন, ‘আসলে সার্জেন্ট সাবিহা অন্য একজনের কাছ থেকে টাকাটা নিয়েছিল। কিন্তু সে সরাসরি তার কাছ থেকে টাকাটা নিতে চায়নি। এ জন্য ওই ব্যক্তি আমাকে নগদ টাকা দেয়। আমি সেটা আমার ব্যাংক হিসাবে নিয়ে সাবিহার হিসাবে ট্রান্সফার করে দিয়েছি। এখন উপকার করতে গিয়ে আমিই বিপদে।’
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) রাজশাহী জেলার সভাপতি আহমেদ সফিউদ্দিন বলেন, ‘ট্রাফিক বিভাগে দুর্নীতি হয় এটা সবার জানা কথা। ওপর মহল থেকে নিচের মহল—সবাই কোনো না কোনোভাবে সুবিধাভোগী হয়। কাজেই আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ লেনদেন থাকলে তার তদন্ত হওয়া প্রয়োজন।’
আরএমপির মুখপাত্র ও গোয়েন্দা শাখার (ডিবি) উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ‘কোনো প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব থেকে সার্জেন্ট সাবিহার ব্যক্তিগত হিসাবে টাকা এলে সেটি তার ব্যক্তিগত বিষয়। ট্রাফিক বিভাগের একজন প্রধান আছেন, তিনি বিষয়টি জানেন কি না তা আমার জানা নেই। তবে আমাদের কাছে কোনো অভিযোগ না এলে আমরা কারও ব্যক্তিগত ব্যাংক হিসাবের লেনদেন নিয়ে তদন্ত করি না।’






