ঢাকা ট্রিবিউন বাংলার প্রতিবেদন অনুযায়ী, পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কৈকিল্লা দিঘী এলাকায় যাত্রীবাহী থ্রি-হুইলারকে পেছন থেকে ট্রাকের ধাক্কা লাগায় সড়ক দুর্ঘটনায় আহত আটজনের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে।
নিহতদের মধ্যে রয়েছেন সাংবাদিক আলী আজগর খোকনের স্ত্রী এবং পঞ্চগড় বিসিক শিল্পনগরীর হিসাবরক্ষক মাহমুদা আক্তার (৩৫), তার আট বছর বয়সী মেয়ে আল আকসা সুমাইয়া সম্প্রীতি এবং দেবীগঞ্জ উপজেলার পামুলী এলাকার প্রমিলা রানী (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে যাত্রীবোঝাই থ্রি-হুইলারটি বোদার সাকোয়া বাজার থেকে উপজেলা শহরের দিকে যাচ্ছিল। পথে কৈকিল্লা দিঘী এলাকায় পেছন থেকে একটি ট্রাক থ্রি-হুইলারটিকে ধাক্কা দেয়। এতে যানটি সড়কের পাশের ধানক্ষেতে ছিটকে পড়ে এবং যাত্রীরা আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে গুরুতর আহতদের রংপুর ও ঠাকুরগাঁওয়ের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাহমুদা আক্তার ও তার মেয়ে রংপুরে এবং প্রমিলা রানী ঠাকুরগাঁওয়ে মারা যান।
দুর্ঘটনায় আহত অন্যরা হলেন আয়শা (২), রহিদুল ইসলাম (৪৮), নাসরিন আক্তার (৪৬), তার মেয়ে স্বীকৃতি (৭) এবং আক্তারুজ্জামান (৩৩)। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যায়। বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মণ্ডল জানান, ট্রাকটি শনাক্ত করা হয়েছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।






