ঢাকা পোস্ট অনুযায়ী, খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক ও মহানগর বিএনপি'র সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু খুলনা শহরকে সন্ত্রাসে নিমজ্জিত বলে উল্লেখ করে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক কারবার দমনে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান এবং প্রয়োজনে কারফিউ জারি করার দাবি করেন।

মঞ্জু শুক্রবার (১৩ নভেম্বর) রূপসায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিএনপি কর্মী জাকির হোসেনের পরিবারের খোঁজখবর নেওয়ার সময় এই বক্তব্য দেন। তিনি বলেন, “খুনিরা মানুষ খুন করছে, চাঁদাবাজি করছে এবং মাদকের বাজার বসিয়েছে। প্রতিবাদ করলেই তাদের হত্যা করা হচ্ছে। এ পর্যন্ত আমাদের ৮ থেকে ১০ জন কর্মীকে তারা হত্যা করেছে।”

তিনি আরও উল্লেখ করেন যে, জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী কঠিন ও কঠোর পদক্ষেপের কথা বলেছেন এবং প্রধানমন্ত্রীও সন্ত্রাস দমনে প্রশাসনকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন। মঞ্জু বলেন, “এই হত্যাকাণ্ডের শুধু বিচার নয়, খুলনা থেকে পাকাপাকিভাবে সন্ত্রাস নির্মূলের জন্য জনগণকে ঐক্যবদ্ধ করে মাঠে নামা দরকার।”

রূপসা এলাকাকে তিনি “শান্তিপূর্ণ এলাকা হলেও বর্তমান সময়ে এটি আবার সন্ত্রাসী জনপদে পরিণত হয়েছে” বলে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং পুলিশ প্রশাসনকে টহল জোরদার করা, সন্ত্রাসীদের সুনির্দিষ্ট তালিকা তৈরি করা এবং তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তারে যৌথ অভিযান পরিচালনার আহ্বান জানান।

মঞ্জু আরও জানান, নিহতের পরিবারকে সহায়তার জন্য স্থানীয় নেতা ও স্বজনেরা দায়িত্ব নিয়েছেন এবং খুলনাকে একটি শান্তিময় শহর ও জনপদ হিসেবে গড়ে তুলতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি করেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সোয়া ১০ টার দিকে খুলনার রূপসা উপজেলার সদর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য মো. জাকির হোসেনকে (৪৩) গুলি করে হত্যা করা হয়েছে। তিনি রূপসা উপজেলায় স্বল্পবাহিরদিয়া হিরকের দোকানে বসা অবস্থায় সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে, এলাকাবাসী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মো. জাকির হোসেন রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামের বাসিন্দা, তিনি আব্দুল জলিল শেখের ছেলে এবং পূর্ব রূপসা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদের বড় ভাই ছিলেন।