ঢাকা পোস্ট অনুযায়ী, চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি) সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে সাঁড়াশি অভিযান চালিয়েছে।

অভিযানে ছয়জনকে আটক করা হয়েছে এবং নিবন্ধনবিহীন চারটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার এ অভিযান পরিচালনা করা হয়। রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদের নেতৃত্বে জেলা পুলিশ ও ডিবির একাধিক দল এতে অংশ নেয়।

অভিযানে মোবারক টিলা, সৈয়দের খিল, কাইন্দার কুল, ভাল্লুকীয়া টিলা, মীরেরখীল ও ক্ষেত্রবাজারসহ বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালানো হয়। পাহাড়ি এলাকার বসতবাড়ি, সন্দেহভাজন স্থাপনা ও সম্ভাব্য সন্ত্রাসী ও অপরাধীদের অবস্থানস্থলে তল্লাশি করা হয়।

অভিযানকালে ছয়জনকে আটক করা হয়, পরে তাদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় ও অভিযোগের তথ্য প্রকাশ করা হয়নি।

পুলিশ জানায়, পাহাড়ের দুর্গম ভূপ্রকৃতিকে ব্যবহার করে অপরাধীরা যাতে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, দখলবাজি ও অবৈধ অস্ত্রের ব্যবহার করতে না পারে, সে লক্ষ্যেই অভিযান চালানো হয়েছে। গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।