ইউক্রেনের রাজধানী কিয়েভে নিপার নদীর ওপর অবস্থিত দুইটি সেতুতে রুশ বাহিনী হামলা চালিয়েছে বলে জানিয়েছেন শহরটির মেয়র ভিতালি ক্লিচকো। ডয়চে ভেলে বাংলার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সোমবার গভীর রাতে চালানো এই হামলায় রাজধানীর দুটি ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে। মেয়র ক্লিচকো টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জানান, হামলায় গুরুত্বপূর্ণ অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে, যার ফলে শহরের বিভিন্ন এলাকায় গরম জলের সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়েছে।
পাল্টা আক্রমণ ও সতর্কবার্তা
এদিকে সোমবার গভীর রাতে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত অধিকৃত ক্রিমিয়ার সেতুতে হামলা চালিয়েছে ইউক্রেন। কের্চ প্রণালির উপর অবস্থিত এই গুরুত্বপূর্ণ সেতুতে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে বলে জানিয়েছেন ক্রিমিয়ার রুশ-নিযুক্ত গভর্নর সের্গেই আকসিওনভ। এ ছাড়া সোমবার ইউক্রেনের হামলায় রাশিয়ার কয়েকটি তেল শোধনাগারও আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন রুশ কর্মকর্তারা।
সোমবার দিনের শুরুতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে জানিয়েছিলেন, সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত ইউক্রেনে হামলার পরিকল্পনা করছে রাশিয়া। তিনি ক্ষেপণাস্ত্র হামলার সতর্কবার্তার প্রতি নজর রাখতে আহ্বান জানান এবং বলেন, রাশিয়াকে জানতে হবে, তাদের প্রতিটি অপরাধের উপযুক্ত জবাব দেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে চলতি মাসের শুরুতে এবং গত অক্টোবরেও কিয়েভের বিভিন্ন সেতুতে ধারাবাহিক হামলা চালায় রুশ বাহিনী, যার কারণে রাজধানীতে যোগাযোগ ও পরিবহণ ব্যবস্থায় ব্যাপক বিঘ্ন ঘটে।
বিবিসির বরাতে জানা গেছে, কিয়েভের দিনিপ্রো নদীর ওপর অবস্থিত নর্দার্ন ও সাউদার্ন ব্রিজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর শহরের পানি ও বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে।






