চ্যানেল আইয়ের কাছে প্রাপ্ত তথ্যানুযায়ী, ২০১৫ সালে খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) গাজীপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রিকুইজিশনের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং ট্রাইব্যুনালে সোপর্দ করা হবে। এসপি আবুল কালাম আজাদ ২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা এবং তার বাড়ি ঝালকাঠি জেলায়। গ্রেপ্তারের পূর্বে তিনি গাজীপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে জনি ও ছাত্রদল নেতা মহিউদ্দিনকে তুলে নেওয়ার অভিযোগ রয়েছে। ওই দিন রাত সাড়ে তিনটার দিকে খিলগাঁও খেলার মাঠে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে জনিকে হত্যা করা হয়। এ ঘটনায় ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে নিহত জনির বাবা ইয়াকুব আলী বাদী হয়ে খিলগাঁও থানায় ৬২ জনকে আসামি করে মামলা দায়ের করেন।