একাত্তর টিভির প্রাপ্ত তথ্য অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, খুনসহ সব মানবতাবিরোধী অপরাধ চিহ্নিত করতে সারা দেশে গণশুনানি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। বুধবার (২৫ নভেম্বর) ট্রাইব্যুনালের সম্মেলন কক্ষে আয়োজিত ব্রিফিংয়ে এ কথা জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
তিনি জানান, এ বিষয়ে ইতিমধ্যে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়, রাজনৈতিক দল এবং ভুক্তভোগী পরিবারগুলোর কাছে চিঠি পাঠানো হয়েছে। চলতি সপ্তাহ থেকেই এই গণশুনানি শুরু হবে এবং প্রতি সপ্তাহে অন্তত একটি জেলায় তা অনুষ্ঠিত হবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এই তদন্ত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে উল্লেখ করে জুলাইয়ের হতাহতদের পরিবার ও রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছেন চিফ প্রসিকিউটর।
চিফ প্রসিকিউটর আরও জানান, সালাহউদ্দিন আহমদ, বিএনপি নেতা ইলিয়াস আলী ও সাজেদুল ইসলাম সুমনের গুমের ঘটনায় তদন্ত চলমান রয়েছে এবং এসব মামলার প্রতিবেদন দ্রুত দাখিল করা হবে। এ ছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের পর অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় ও পালাতে সহায়তাকারীদের প্রচলিত দণ্ডবিধির আওতায় বিচারের সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।






