বাসস জানিয়েছে, আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ পরিস্থিতি ভালো রয়েছে এবং এর ফলে বাজারে পণ্যের দাম স্থিতিশীল থাকবে বলে সরকার আশাবাদী। শুক্রবার সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই কথা জানান।
ভোজ্যতেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে বা পণ্য আমদানির উৎসস্থলে দাম বাড়ায় দেশের বাজারে তা সমন্বয় করতে হয়েছে। সয়াবিন ও পাম অয়েলের উৎপাদনস্থল বাংলাদেশ নয় উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারের দামের ওঠানামার প্রভাব দেশীয় বাজারেও পড়ে। প্রচলিত মূল্য নির্ধারণ পদ্ধতি অনুযায়ী সয়াবিন তেলের দাম আরও কিছুটা বেশি হওয়ার কথা থাকলেও আমদানিকারকদের রাজি করিয়ে বর্তমান দাম ধরে রাখা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তেলের দাম নির্ধারণের প্রক্রিয়া সম্পর্কে তিনি জানান, আন্তর্জাতিক বাজারের সিএফআর মূল্য, বন্দরের খরচ, প্রক্রিয়াজাতকরণ ব্যয় ও অপচয় বিবেচনা করে প্রতি লিটারের খরচ নির্ধারণ করা হয় এবং এই হিসাব বাণিজ্য মন্ত্রণালয় থেকে যাচাই করা সম্ভব।
গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মাধ্যমে আর্থিক লেনদেনের অস্বাভাবিক প্রবণতা দেখা দেওয়ায় সরকার সতর্কতামূলক অবস্থান নিয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, বিষয়টি সরকার পর্যবেক্ষণ করছে এবং এ বিষয়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
এর আগে সিলেট সদর উপজেলার অসচ্ছল শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের জন্য আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মন্ত্রী। কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় এই অনুদান দেওয়া হয়। শিল্প সচিব ও কাফকো চেয়ারম্যান আব্দুন নাসের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






