প্রথম আলো ইংরেজির তথ্য অনুযায়ী, ঢাকার বিভিন্ন মন্দিরে প্রতিমার গায়ে থাকা সোনার গহনা চুরির অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত মঙ্গলবার দুপুরে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) ফারুক হোসেন এই তথ্য জানান।

পুলিশ জানিয়েছে, গত ৭ অক্টোবর রাজধানীর রমনা কালী মন্দিরে দেবী কালীর প্রতিমার জিহ্বা থেকে প্রায় ছয় আনা ওজনের স্বর্ণ চুরি হয়। যার আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা। এই ঘটনায় শাহবাগ থানায় মামলা দায়েরের পর সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অর্ণব রায় ও তাঁর স্ত্রী লিপি কর্মকারকে উত্তরা থানার ডুমুরদিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আদালতে তারা জবানবন্দি দিয়েছেন।

পুলিশের জিজ্ঞাসাবাদে ওই দম্পতি জানান, গত ১৩ সেপ্টেম্বর সিদ্ধেশ্বরী কালী মন্দির থেকেও সোনার গহনা চুরি হয়েছিল। এছাড়া গত ১১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার একটি মন্দিরেও চুরির চেষ্টার অভিযোগ রয়েছে অর্ণবের বিরুদ্ধে। চোরাই সোনা কেনার অভিযোগে জাকারিয়া ইসলাম ও মো. মহিন নামের দুই স্বর্ণ ব্যবসায়ীকেও গ্রেপ্তার করেছে পুলিশ।