ইনডিপেনডেন্ট টিভির প্রতিবেদন অনুযায়ী, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী রোববার রাজধানীর জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত 'পাঁচ বছর মেয়াদি কৌশলগত সংস্কার ও উন্নয়ন কাঠামো' শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্য দেন।
তিনি বলেন, 'আমরা এখন অর্থনৈতিক পুনরুদ্ধারের পর্যায়ে রয়েছি এবং ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে এগোচ্ছি। এ মুহূর্তে আমাদের প্রথম কাজ অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা। আরও কিছুদিন প্রবৃদ্ধি কম থাকতে পারে। আমাদের এ বাস্তবতা মেনে নিতে হবে।'
অর্থমন্ত্রী জানান, জ্বালানি তেল, গ্যাস ও সারের মতো প্রয়োজনীয় পণ্যের আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় সরকার বড় আর্থিক চাপের মুখে রয়েছে। আন্তর্জাতিক বাজারে বেশি দামে এসব পণ্য কিনতে গিয়ে সরকারি কোষাগারের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। তিনি বলেন, 'আমাদের প্রতিদিনই সংকট সামাল দিতে হচ্ছে। বিপুল পরিমাণ তেল ও গ্যাস কিনতে হচ্ছে। বেশি দামে এসব পণ্য আমদানি করায় সরকারি অর্থের ওপর প্রচণ্ড চাপ পড়ছে।'
আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশকে আমদানির মাধ্যমে মূল্যস্ফীতির চাপ বহন করতে হচ্ছে, যা সরকারের সরাসরি নিয়ন্ত্রণে নেই। তবে অভ্যন্তরীণ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কিছুটা সুযোগ রয়েছে। নিত্যপ্রয়োজনীয় কয়েকটি পণ্যের ওপর শুল্ক কমানো সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু মূল্যস্ফীতি আরও কমিয়ে আনা জরুরি।
অর্থমন্ত্রী মতে, সরকারের প্রথম বছরটি অর্থনৈতিক পুনরুদ্ধার ও স্থিতিশীলতা অর্জনের জন্য বিশেষভাবে কঠিন হবে, তবে পরবর্তী বছরগুলোতে অর্থনীতিতে আরও শক্তিশালী গতি ফিরিয়ে আনতে হবে।






