ইনকিলাবের প্রতিবেদন অনুযায়ী, আগামী ২০২৭ সালের মধ্যেই দেশের ব্যাংক খাতে স্থিতিশীলতা ফিরে আসবে এবং গ্রাহকরা তাদের জমানো অর্থ ফেরত পাবেন বলে আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর আগারগাঁওয়ে পাঁচ বছর মেয়াদি অর্থনৈতিক সংস্কার ও উন্নয়ন কৌশল নিয়ে আয়োজিত এক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী জানান, দীর্ঘদিনের অনিয়ম, ঋণখেলাপি ও সুশাসনের অভাবে ব্যাংক খাতে যে সংকট তৈরি হয়েছে, তা দূর করতে সরকার সংস্কারমূলক পদক্ষেপ নিচ্ছে। আমানতকারীদের স্বার্থ রক্ষা ও ব্যাংক খাতের ওপর আস্থা পুনঃপ্রতিষ্ঠাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে অর্থনীতিতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরে তিনি বলেন, তেল ও গ্যাস আমদানিতে প্রতিদিন বড় অংকের অর্থ ব্যয় হচ্ছে এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও পণ্যের দাম বাড়ায় চাপ তৈরি হয়েছে। জিডিপি প্রবৃদ্ধি আরও কিছুদিন কম থাকতে পারে উল্লেখ করে তিনি মূল্যস্ফীতি, বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতি কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন।
পুঁজিবাজার প্রসঙ্গে অর্থমন্ত্রী জানান, এতদিন বাজারটি কার্যকর না হয়ে অনেকটা ক্যাসিনোর মতো ছিল। একে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও বিনিয়োগবান্ধব করার পাশাপাশি কারসাজি বন্ধ করার তাগিদ দেন তিনি। এ ছাড়া পাঁচ বছর মেয়াদি সংস্কার কৌশল বাস্তবায়নে সরকারি অর্থ ব্যবস্থাপনা ও আর্থিক খাতের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর কথা বলেন তিনি।






