বাংলা ট্রিবিউন অনুযায়ী, বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের অঘোর মালঞ্চা গ্রামে গত ২০ নভেম্বর রাত ১১টার দিকে গ্রামীণ ব্যাংকের মালঞ্চা শাখার সামনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এই ঘটনায় গত বুধবার (২৫ নভেম্বর) রাতে কাহালু উপজেলার সাবানপুর গ্রামের মঞ্জুর রহমান সরদার বাদী হয়ে কার্যক্রম নিষিদ্ধ আওামী লীগের ৩০৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং বাকি ১৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার ১০৯ নম্বর আসামি এস এম গোলাম কিবরিয়া ২০২৩ সালের ১৩ নভেম্বর মারা যান। তিনি মুরইল ইউনিয়ন আওামী লীগের তৎকালীন সভাপতি ছিলেন। কাহালু থানার ওসি শফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলা রেকর্ড হওয়ার পর যাচাই-বাছাই করে জানতে পেরেছেন যে গোলাম কিবরিয়া মারা গেছেন। তার মৃত্যুসনদ সংগ্রহ করে আদালতকে অবহিত করা হয়েছে।
গোলাম কিবরিয়ার একজন আত্মীয় নাম প্রকাশ না করার শর্তে বলেন, চাচা ২০২৩ সালে মারা গিয়েছিলেন। মৃত্যুর পর ইউনিয়নজুড়ে মাইকিংও করা হয়েছিল। এরপরও তাকে মামলার আসামি করা হয়েছে, যা তাদের অবাক করেছে।






