ইত্তেফাকের তথ্য অনুযায়ী, কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাত ও মানবপাচারকারী চক্রের সাত সদস্যকে আটক করা হয়েছে। এ সময় অপহৃত দুই জিম্মিকেও উদ্ধার করা হয়। গত শনিবার বাংলাদেশ সেনাবাহিনীর সূত্রে এই তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ইত্তেফাক জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার টেকনাফ উপজেলার বিভিন্ন স্থানে সেনাবাহিনীর নেতৃত্বে একাধিক যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে সৈনিক তিতাস হত্যা মামলার আসামিসহ ডাকাত ও মানবপাচারকারী চক্রের ওই সাত সদস্যকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি দুটি এলজি, একটি একনলা বন্দুক এবং ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে ইত্তেফাককে জানান যে, আটক ডাকাত ও মানবপাচারকারী চক্রের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।