বাসসের খবর অনুযায়ী, রাজধানীর পল্লবী থানায় বিস্ফোরক আইনের মামলায় মোহনা টেলিভিশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তসলিম চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনজুরুল ইসলাম এই আদেশ দেন।

পুলিশ তসলিম চৌধুরীকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করলে আদালত এই আদেশ দেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর বেলা সাড়ে ১২টার দিকে মিরপুর-১১ নম্বর মেট্রো রেল স্টেশনের সামনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদের নির্দেশ অনুযায়ী আড়াই থেকে তিন হাজার মানুষ একটি মিছিল বের করে।

মিছিল থেকে পুলিশ সদস্যদের ওপর হামলা চালানো হয় এবং দেশীয় অস্ত্র দিয়ে কয়েকজনকে আহত করা হয়। এ সময় একটি পুলিশ পিকআপ ভ্যানে আগুন দেওয়া ছাড়াও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে।