বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা আবার পেছাল। এ নিয়ে ১০০ বারের মতো তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ালেন আদালত। চ্যানেল আইয়ের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম আগামী ৩০ ডিসেম্বর নতুন তারিখ ধার্য করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রুকনুজ্জামান।
২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে সাইবার হামলার মাধ্যমে ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়। তদন্তকারীদের ধারণা, দেশি একটি চক্রের সহায়তায় এই অর্থ চুরি করা হয়েছিল।
ঘটনার পর ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের তৎকালীন উপপরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেন। ১৬ মার্চ আদালত মামলাটির তদন্তের দায়িত্ব সিআইডিকে দেয় এবং এরপর থেকে সংস্থাটি তদন্ত চালিয়ে আসছে।






