আজকের পত্রিকার খবরে প্রকাশ, বিগত সরকারের আমলে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) গণনায় ব্যাপক গরমিল ও অসংগতি চিহ্নিত করা হয়েছে। এক ফরেনসিক অডিটের মাধ্যমে এসব অসংগতি উঠে এসেছে এবং বিশেষজ্ঞদের পর্যালোচনা শেষে প্রতিবেদনটি অচিরেই জনসমক্ষে প্রকাশ করা হবে।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মিলনায়তনে জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি এই তথ্য জানান। অনুষ্ঠানে জানানো হয়, তথ্যের নিরপেক্ষতা ও পরিসংখ্যানের প্রতি জনগণের আস্থা ফেরাতে বিবিএসকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হচ্ছে।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী জানান, বিগত সরকারের আমলে পরিসংখ্যানকে ব্যবহার করে একটি নির্দিষ্ট রাজনৈতিক ন্যারেটিভ তৈরির চেষ্টা হয়েছিল। এছাড়া সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগীদের তালিকায় এবং নিবন্ধিত নৌযানের সংখ্যায়ও ব্যাপক অসংগতি পাওয়ার কথা উল্লেখ করা হয়। পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, তথ্যের ওপর সরকারি হস্তক্ষেপ কমাতে ইতিমধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এখন থেকে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য বিবিএস নিজেরাই প্রকাশ করছে।