দেশ রূপান্তর প্রতিবেদন অনুযায়ী, রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা নিয়ে চালু হয়েছিল মেট্রোরেল। কিন্তু বর্তমানে এই প্রকল্প ব্যবস্থাপনার স্বচ্ছতা, প্রশাসনিক সিদ্ধান্ত ও বাস্তবায়নের অগ্রগতি নিয়ে নানা অভিযোগের সম্মুখীন।

গত ২৯ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো একটি আবেদনে মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শওগাতুল আলমের দায়িত্ব পালন, প্রশাসনিক কর্মকাণ্ড ও প্রকল্প পরিচালনায় তার ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উত্থাপন করা হয়েছে। আবেদনকারীর নাম আজিজুর রহমান। আবেদনের অনুলিপি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবদের কাছে ও পাঠানো হয়েছে।

আবেদনে বলা হয়েছে, এমডির প্রশাসনিক সিদ্ধান্তের কারণে প্রকল্পের কাজে দীর্ঘসূত্রতা, প্রশাসনিক জটিলতা ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। এছাড়া বিদেশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় ব্যাহত হওয়ার অভিযোগও রয়েছে। আবেদনে ছয়টি সুনির্দিষ্ট বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে, যার মধ্যে এমডির দায়িত্ব পালন, প্রশাসনিক সিদ্ধান্ত, প্রকল্প পরিচালনা, অতীত কর্মদক্ষতা, নিয়োগের যোগ্যতা ও প্রক্রিয়ার যথার্থতা অন্তর্ভুক্ত।

আরেকটি পৃথক আবেদনে উল্লেখ করা হয়েছে, এমডির প্রশাসনিক আচরণ ও ব্যবস্থাপনায় অসন্তুষ্ট হয়ে তিন কর্মকর্তা পদত্যাগ করেছেন। তবে তাদের নাম, পদত্যাগের কারণ ও কোনো দাপ্তরিক তদন্ত হয়েছে কি না সে বিস্তারিত নেই। আবেদনে বিভিন্ন স্থাপনা, বিদ্যুৎব্যবস্থা ও নির্মাণকাজের মান নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। বিদেশি অংশীদারদের সঙ্গে কাজের সময় সমন্বয় ও সহযোগিতার ক্ষেত্রে জটিলতা তৈরি হওয়ার অভিযোগও রয়েছে।

আবেদনকারীদের স্পষ্ট করা হয়েছে, তারা কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করার দাবি করছেন না; বরং অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত পরিস্থিতি উদঘাটন চান। একই সাথে জাতীয় গুরুত্বপূর্ণ এই প্রকল্পের কাজ বাধাগ্রস্ত হলে সেটিও তদন্তের আওতায় আনার অনুরোধ করা হয়েছে।

এই অভিযোগের বিষয়ে জানতে দেশ রূপান্তর প্রতিবেদক মেট্রোরেল এমডি শওগাতুল আলমকে মোবাইল ফোনে একাধিকবার কল করেছিলেন, কিন্তু তিনি কোনো কল রিসিভ করেননি। ফলে তার পক্ষ থেকে কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।