রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে বাস চলাচলের প্রচলিত রুটব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনছে সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ডিটিসিএর নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান জানান, বর্তমানে ঢাকায় ৯৮টি সচল বাস রুট রয়েছে, যা পুনর্বিন্যাস করে ৩২টি সমন্বিত রুটে নিয়ে আসার পরিকল্পনা করা হয়েছে। যাত্রীদের প্রকৃত চাহিদা, সড়কের ধারণক্ষমতা ও যানবাহন চলাচলের তথ্য বিশ্লেষণ করে রুট নির্ধারণ করা হয়েছে। এ জন্য বিভিন্ন পরিমাপক যাচাইয়ের পাশাপাশি ড্রোনের সাহায্যেও তথ্য সংগ্রহ করা হয়েছে।
ডিটিসিএ সূত্র জানায়, রুট পুনর্বিন্যাসের উদ্যোগ প্রথম নেওয়া হয় ২০১১ সালে, পরে ২০১৯ সাল থেকে নতুন করে পরিকল্পনা প্রণয়নের কাজ শুরু হয়। প্রাথমিকভাবে ৪২টি রুটের প্রস্তাব করা হয়েছিল; কিন্তু বিআরটিএ, দুই সিটি কর্পোরেশন, বাস মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনার পর শেষ পর্যন্ত ৩২টি রুটের বিষয়ে ঐকমত্যে পৌঁছানো হয়েছে।
নতুন রুট নির্ধারণে ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত জরিপ চালানো হয়। প্রতিটি রুটে ১৮টি ট্রিপের যাত্রী ওঠানামার তথ্য সংগ্রহ করা হয়েছে; ১০ হাজারের বেশি যাত্রীর তথ্য নেওয়া হয়েছে। মহানগরীর ৭২টি গুরুত্বপূর্ণ স্থানে টানা ৭২ ঘণ্টা যানবাহন গণনা করা হয়েছে। প্রায় ৪০০ কিলোমিটার বাস নেটওয়ার্কের অবকাঠামোগত অবস্থাও পর্যালোচনা করা হয়েছে। তথ্য বিশ্লেষণে ড্রোনের ছবি ও সফটওয়্যারভিত্তিক পরিবহন মডেল ব্যবহার করা হয়েছে।
প্রাথমিক পর্যায়ে ছয়টি রুটের মধ্যে রয়েছে—গাজীপুরের শিববাড়ী চৌরাস্তা থেকে আব্দুল্লাহপুর হয়ে আজিমপুরের ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত একটি রুট; মিরপুর চিড়িয়াখানা থেকে সায়েন্সল্যাব হয়ে চুলকুটিয়া পর্যন্ত আরেকটি রুট; মোহাম্মদপুরের বসিলার ঘাটারচর থেকে শাহবাগ ও মৎস্য ভবন হয়ে ডেমরা স্টাফ কোয়ার্টার পর্যন্ত; বসিলা থেকে সায়েন্সল্যাব ও জিগাতলা হয়ে নারায়ণগঞ্জের চিটাগাং রোড ও কাঁচপুর ব্রিজ পর্যন্ত; ঘাটারচর থেকে মিরপুর-১০ হয়ে আব্দুল্লাহপুরের ধউর ব্রিজ পর্যন্ত; এবং টঙ্গী কলেজগেট থেকে আব্দুল্লাহপুর হয়ে আজিমপুরের ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত।
রুটভেদে ৭০ থেকে ২৫০টি পর্যন্ত নন-এসি বাস পরিচালনার পরিকল্পনা রয়েছে। টঙ্গী কলেজগেট থেকে আজিমপুর পর্যন্ত ২২ দশমিক ৮৯ কিলোমিটার দীর্ঘ রুটে ২০টি এসি বাস চালুর প্রস্তাব রয়েছে। এ ছাড়া ফার্মগেট-পলাশী, মোহাম্মদপুর ও উত্তরা এলাকায় তিনটি চক্রাকার বাসসেবা চালুর পরিকল্পনা করা হয়েছে, প্রতিটি রুটে ২০টি করে বাস রাখার প্রস্তাব রয়েছে।
সূত্র: ইত্তেফাক






