ইত্তেফাকের খবরে প্রকাশ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক চার জ্যেষ্ঠ নেতা পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বলে ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে। শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাব্য রুট নির্ধারণেই এই সফর বলে গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে।

রোববার ভারতের গণমাধ্যমে প্রকাশিত এই খবরে বলা হয়, প্রতিনিধিদলে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। তারা পেট্রাপোল স্থলবন্দরের ইমিগ্রেশন সেন্টারে প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন এবং সেখানে একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই নেতারা সকাল ৯টার দিকে কলকাতার নিউ টাউন এলাকা থেকে রওনা দিয়ে দুপুর প্রায় ২টার দিকে পেট্রাপোলে পৌঁছান এবং বিকেল পৌনে ৪টার দিকে কলকাতার উদ্দেশে রওনা হন। এছাড়া তারা আগরতলা ও ত্রিপুরার বিকল্প পথগুলোও ঘুরে দেখতে পারেন বলে খবরে জানানো হয়েছে।