বাংলা ট্রিবিউনের তথ্যানুযায়ী, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন ও কমিশনারদের নিয়োগের লক্ষ্যে সুপারিশ দেওয়ার জন্য ১০ সদস্যের একটি বাছাই কমিটি গঠন করেছে সরকার। জাতীয় সংসদের স্পিকার এই কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে গত রবিবার এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬’-এর ধারা ৭ অনুযায়ী এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে স্পিকার ছাড়াও সদস্য হিসেবে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ সচিব। এ ছাড়া অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর ও মোহাম্মদ নাজিবুর রহমান, অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, অ্যাডভোকেট ফাতেমা রশীদ হাসান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি এবং নৃ-গোষ্ঠীর প্রতিনিধি শৈ অংশ পু। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।