বাসস-এর প্রতিবেদন অনুযায়ী, দেশের স্বাস্থ্যসেবা খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রায় ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা করছে সরকার। এর মধ্যে প্রায় ৫ হাজার মেডিকেল টেকনোলজিস্ট এবং ২ হাজার ফার্মাসিস্ট নিয়োগের সম্ভাবনা রয়েছে।

বিদ্যমান ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) তথ্যে কারিগরি ত্রুটির কারণে অসংগতি থাকায় শূন্য পদের সঠিক সংখ্যা নির্ধারণে প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র থেকে হালনাগাদ তথ্য চেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস)।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমি বাসস-কে বলেন, আমরা শুধু এমআইএসের তথ্যের ওপর নির্ভর না করে প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র থেকে তথ্য চেয়েছি। তথ্য পাওয়ার পর সেগুলো একত্র করে নিয়োগের চূড়ান্ত চাহিদা নির্ধারণ করা হবে।

তিনি জানান, ৫ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ২ হাজার ফার্মাসিস্টসহ প্রায় ১০ হাজার পদে বড় পরিসরে নিয়োগের বিজ্ঞপ্তি চলতি বছরের ডিসেম্বরের মাঝামাঝি প্রকাশ হতে পারে।

এছাড়া স্বাস্থ্য অধিদপ্তর হিসাব সহকারী, হিসাবরক্ষক ও অফিস সহকারীসহ বিভিন্ন পদে আরও প্রায় ১৫০ জন কর্মী নিয়োগের প্রস্তুতি নিচ্ছে। আগামী দুই সপ্তাহের মধ্যে এ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে বলে জানান তিনি।

জেলা পর্যায়ে স্বাস্থ্য সহকারী নিয়োগের কাজও চলছে। তবে কয়েকটি জেলায় আদালতে মামলা বিচারাধীন থাকায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে কিছুটা সময় লাগছে।

সরকারি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে ১১ থেকে ২০তম গ্রেডের নন-মেডিকেল পদগুলোতে নিয়োগের জন্য বিশেষ কমিটি গঠন করা হবে। এই কমিটিতে স্বাস্থ্য অধিদপ্তর, সরকারি কর্ম কমিশন (পিএসসি), জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা থাকবেন।

নিয়োগ কমিটি পরীক্ষার নীতিমালা ঠিক করবে। এরপর লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে লিখিত পরীক্ষায় পিএসসির মানদণ্ড বজায় রাখা হবে।

দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে অধ্যাপক রুমি বলেন, তাৎক্ষণিক প্রশাসনিক পদক্ষেপ হিসেবে অসদাচরণের সন্দেহে কর্মকর্তাকে ওএসডি করা বা পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে। তবে এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে দুর্নীতির অভিযোগে কোনো বিভাগীয় মামলা হয়নি বলে তিনি জানান।

চিকিৎসা সরঞ্জামের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে মাঠপর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া কেন্দ্রীয় যানবাহন ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ সংস্থার (টিইএমও) পাশাপাশি বিভাগীয় পর্যায়ের দপ্তরগুলোকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।