বাংলা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হলে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি আশা প্রকাশ করেছেন, ভারত এই আইনি প্রক্রিয়া মেনে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে।

রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার জয়বাংলা মোড়ে যুবদল আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সমাবেশটি ছিল দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।

শামা ওবায়েদ ইসলাম বলেন, শেখ হাসিনাকে দেশে আসতে হলে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই আসতে হবে। সাধারণ নথিপত্র বা পাসপোর্টের মাধ্যমে নয়, বরং আইনি প্রক্রিয়া মেনে তাকে ফিরিয়ে আনা হবে।

দেশে ফিরিয়ে আনার পর শেখ হাসিনার গন্তব্য নিয়েও স্পষ্ট বার্তা দেন প্রতিমন্ত্রী। তিনি জানান, দেশে আনার পর তার জায়গা হবে কেন্দ্রীয় কারাগারে এবং তাকে বিচারের মুখোমুখি করা হবে।

এ সময় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। তিনি বলেন, নিজেদের মধ্যে ঝামেলা বা গ্রুপিং করলে সুযোগ নেবে ফ্যাসিবাদীরা। তিনি আরও বলেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যেকোনো সাধারণ মানুষ যারা অন্য রাজনৈতিক দলে আছেন, তাদের প্রতি প্রতিহিংসামূলক আচরণ করা যাবে না।

নগরকান্দা উপজেলা যুবদলের সভাপতি তৈয়বুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল ও খন্দকার ফজলুল হক টুলু প্রমুখ।