জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হলে তারা প্রতিবাদ জানাবেন। ঢাকা পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বৈষম্যহীন, মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রবাসীসহ দেশ-বিদেশের সব নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (২২ নভেম্বর) অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ক্যাম্পবেলটাউনে ‘জুলাই অভ্যুত্থান ও তার পরবর্তী সময় : ভয়েসেস ফ্রম অস্ট্রেলিয়া’ শীর্ষক প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করেন অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশিরা।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী প্রবাসীদের শুধু আর্থিক রেমিট্যান্স নয়, মেধা, জ্ঞান, অভিজ্ঞতা ও গবেষণালব্ধ অর্জনও দেশের উন্নয়নে কাজে লাগাতে চায়। এজন্য দেশে ফিরে কাজ করার মতো পরিবেশ তৈরি করা জরুরি। তিনি ‘ইন্টেলেকচুয়াল রেমিট্যান্স’ বা মেধাভিত্তিক অবদানের পক্ষে কথা বলতে এসেছেন বলে উল্লেখ করেন।

জুলাই অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা স্মরণ করে তিনি বলেন, দেশের গণমাধ্যম যখন নির্যাতন-নিপীড়নের চিত্র যথাযথভাবে তুলে ধরতে পারেনি, তখন প্রবাসীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিয়েছেন। বিভিন্ন দেশে সভা-সমাবেশ নিষিদ্ধ থাকা সত্ত্বেও তারা রাজপথে নেমেছেন, যার ফলে অনেকে গ্রেপ্তার ও জেল খেটেছেন। তিনি জানান, এখনো ৫৪ জন প্রবাসী কারাগারে রয়েছেন, যা কষ্টের ও লজ্জার বিষয়।

প্রবাসীদের সম্মান ও রাষ্ট্র সংস্কার

প্রবাসীদের সঙ্গে দেশে ফিরে দুর্ব্যবহারের অভিযোগ তুলে তিনি বলেন, প্রবাসীরা অর্থনীতির চালিকাশক্তি হলেও বিমানবন্দরসহ বিভিন্ন জায়গায় তাদের সঙ্গে দুর্ব্যবহার ও শারীরিক লাঞ্ছনার ঘটনা ঘটেছে। রেমিট্যান্স যোদ্ধাদের যথাযথ সম্মান নিশ্চিত করতে হবে।

জুলাই-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে গণভোটে জনগণের রায় বাস্তবায়ন ও রাষ্ট্র সংস্কারের দাবি তুলে তিনি বলেন, জনগণের আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখিয়ে সংস্কার সম্পন্ন করতে হবে। তরুণ প্রজন্মের নেতৃত্বে বাংলাদেশ গড়ে তুলতে চান তারা, এজন্য জামায়াতের এবারের প্রার্থী তালিকার ৬২ শতাংশের বয়স ৪৫ বছরের নিচে।

অনুষ্ঠানে পশ্চিম সিডনির ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ খলিল বক্তব্য দেন। সঞ্চালনা করেন শিবলী সোহাইল, ড. আবু ইউসুফ ও আসিফ ইকবাল। উপস্থিত ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, ডা. এস এম খালিদুজ্জামান ও মুহাম্মদ নজরুল ইসলাম।