ইত্তেফাকের খবরে প্রকাশ, সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শুক্রবার দেওয়া এক বিবৃতিতে তিনি সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
বিবৃতিতে জামায়াত আমির ১৯৭১ সালের ২১ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে বলেন, মহান মুক্তিযুদ্ধে অকুতোভয় সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ ও পাল্টা আক্রমণ শুরু করেছিলেন। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করে তিনি উল্লেখ করেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও আইনশৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহযোগিতার মাধ্যমে বাহিনীটি জনগণের আস্থার প্রতীক হয়ে উঠেছে।






