বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ বলেছেন, শেখ হাসিনা চৌদ্দ গোষ্ঠী নিয়ে পালিয়েছেন এবং তিনি কখনোই ফিরে আসবেন না। বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার নবনির্মিত ভবন উদ্বোধন ও কমিউনিটি পুলিশিং সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ইনডিপেনডেন্ট টিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এসময় কয়ছর আহমেদ বলেন, ডিসেম্বরে শেখ হাসিনা আসবেন না। যে পালিয়ে যায় সে আর ফিরে আসে না। তিনি আরও বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকার চেষ্টা করছে এবং তার ফাঁসির রায় কার্যকর করা হবে। দীর্ঘদিন ধরে গুম ও খুনের মতো অপরাধের বিচার হবে বলেও তিনি মন্তব্য করেন।
এছাড়া, নিষিদ্ধ দলের নামে জ্বালাও-পোড়াও করা হচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, এসব কাজের পেছনে বেশিরভাগই ভাড়াটিয়া এবং বাহিরের দেশ থেকে টাকা-ইন্ধন দিয়ে এসব করানো হচ্ছে।
উল্লেখ্য, একই সময়ে সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সুনজিত চন্দ সরকারসহ স্থানীয় রাজনৈতিক নেতারাও বক্তব্য রাখেন।






