আজকের পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাথাচাড়া দিয়ে ওঠা ঠেকাতে জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক শক্তিগুলোকে নিয়ে বৃহত্তর ঐক্য গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় সংসদে গত বুধবার বক্তৃতায় প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা দুজনই ঐক্যের কথা বলেছেন। এরপর সংসদ ভবনে একান্ত বৈঠকে বসেন দুই নেতা।
সর্বদলীয় বৈঠকের সম্ভাবনা
সূত্র জানায়, ২৭ বা ২৮ নভেম্বর সর্বদলীয় বৈঠক হতে পারে। ক্ষমতাসীন দল বিএনপি রাজনৈতিক ঐক্য তৈরিতে উদ্যোগ নিয়েছে এবং বিষয়টি সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপিদলীয় হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজানকে।
বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বৈঠকে প্রধানমন্ত্রীকে জুলাইয়ের পক্ষের সব দলের সঙ্গে বৈঠক করতে পরামর্শ দিয়েছেন। পাশাপাশি গণভোটের আলোকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবি জানান তিনি।
জামায়াত-এনসিপির শর্ত
জামায়াতের এক নেতা জানিয়েছেন, ঐক্যের ভিত্তি হতে হবে জুলাই সনদ ও গণভোট। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, সরকারের পক্ষ থেকে এনসিপির সঙ্গে এখনো কোনো যোগাযোগ করা হয়নি।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক জানান, ঐক্যের প্রধান ভিত্তি হতে হবে জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর করা।






