গাজীপুরের শ্রীপুরে দুই দিন বিরতির পর আবারও কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। দেশ রূপান্তরের প্রতিবেদন অনুযায়ী, রবিবার সকালে বহিরাগত একদল শ্রমিক বিভিন্ন কারখানার সামনে লাঠিসোঁটা নিয়ে জড়ো হয়ে ইটপাটকেল ছুড়ে গ্লাস ও দরজা-জানালা ভাঙচুর করে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে শ্রীপুর-মাস্টারবাড়ি আঞ্চলিক সড়কের দুই পাশের অন্তত ১০টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
ছুটি দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমান টেক্সটাইল, লাক্সমা ইনার, হ্যামস গার্মেন্টস, হ্যামস ফ্যাশন, ঢাকা ওয়াশিং লি., ভিক্টোরিয়া গার্মেন্টস, চিটাগাং ডেনিম, ক্রিস্টাল অ্যাপারেল্স ও হাউআর ইউ অন্যতম। এ ছাড়া বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আনসার রোড এলাকায় শ্রমিকরা অবস্থান নিয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। দুপুর সাড়ে ১২টার দিকে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রীপুর মডেল থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভুঞা জানান, বহিরাগতরা পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক আছে।
অন্যদিকে দেশ রূপান্তর জানায়, সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে পরিস্থিতি অনেকটাই শান্ত ও স্বস্তিদায়ক রয়েছে। আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ ১-এর এসপি মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রম আইনের ১৩ (১) ধারায় ২১টি কারখানা বন্ধ রয়েছে এবং রবিবার ২৫টি কারখানায় সাধারণ ছুটি ছিল। এর বাইরে অধিকাংশ কারখানায় শ্রমিকরা স্বাভাবিকভাবে কাজ করছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার রয়েছে।






