ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল থাকায় তিন দিন বন্ধ থাকার পর কক্সবাজার-সেন্ট মার্টিন নৌপথে আবারও পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। চ্যানেল আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সকালে কক্সবাজারের বাঁকখালী নদীর বিআইডব্লিউটিএ জেটি থেকে ১ হাজার ৮৭০ জন পর্যটক নিয়ে পাঁচটি জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশে ছেড়ে যায়। সকাল ৭টা থেকে ৮টার মধ্যে পর্যায়ক্রমে জাহাজগুলো যাত্রা শুরু করে। বিকেলে দ্বীপে আটকে পড়া আট শতাধিক পর্যটককে নিয়ে জাহাজগুলো কক্সবাজারের উদ্দেশে ফেরার কথা রয়েছে।

জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম জানান, সাগরের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় রোববার সকাল থেকে জাহাজ চলাচল শুরু হয়েছে। বিআইডব্লিউটিএর চট্টগ্রাম বিভাগের উপপরিচালক নয়ন শীল জানান, আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা পাওয়ার পরই জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার থেকে জাহাজ চলাচল বন্ধ থাকায় দেড় হাজারের বেশি পর্যটক দ্বীপটিতে আটকে পড়েছিলেন। তাদের মধ্যে অন্তত ৬৮০ জন কাঠের নৌকায় ফিরে আসলেও আট শতাধিক পর্যটক দ্বীপে থেকে যান। জাহাজ চলাচল শুরু হওয়ায় আটকে পড়া পর্যটকদের মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম।