গুম, হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ঢাকা টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে এই মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে।

রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ যুক্তিতর্ক উপস্থাপনের জন্য এই দিন নির্ধারণ করেন। বিচারিক প্যানেলের দায়িত্বে ছিলেন ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার, বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী। প্রসিকিউটর গাজী এমএইচ তামিম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, রবিবার আসামিপক্ষের পক্ষে সাফাই সাক্ষ্য দেন আইনজীবী তাসলিমা জাহান পপি, যার মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণের সব ধাপ শেষ হয়। এর আগে ১৯ নভেম্বর মামলার ১৫তম সাক্ষী ও তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলামের জেরা সম্পন্নের মাধ্যমে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যদান শেষ হয়েছিল। চলতি বছরের ৮ ফেব্রুয়ারি সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়ার জবানবন্দির মাধ্যমে এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছিল।