বাংলা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের প্রভাব পড়েছে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে। শ্রমিকদের কর্মবিরতির মুখে শনিবার (২১ নভেম্বর) অন্তত ৫০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ রয়েছে ১১টি কারখানা এবং আরও দুটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
আশুলিয়ায় কর্মবিরতি ও পুলিশের ব্যবস্থা
শিল্প পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে সাভার ও আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দেন। তবে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় হা-মীম ও শারমিন গ্রুপের কারখানাসহ কয়েকটি কারখানায় শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। শ্রমিকদের অভিযোগ, কারখানায় কাজ শুরুর সময় সকাল আটটার পরিবর্তে সাতটা নির্ধারণের প্রতিবাদে তারা কর্মবিরতি পালন করেন। পরে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে এবং আগামীকাল থেকে সকাল আটটায় কার্যক্রম শুরুর কথা জানানো হয়।
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, আশুলিয়ার কয়েকটি পোশাক কারখানা সকাল সাতটায় চালু হয়। শ্রমিকেরা কারখানায় প্রবেশ করলেও কাজে অংশ না নিয়ে বসে থাকেন। পরে কর্মবিরতির মুখে অধিকাংশ কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
শনিবার বেলা পৌনে ১১টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকায় উৎপাদন চালু থাকা একটি কারখানার সামনে অবস্থান নেন একদল শ্রমিক। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়। শিল্পাঞ্চল পুলিশ-১-এর এসপি মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া বলেন, কাঠগড়া এলাকায় কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক সচল কারখানাগুলোর সামনে গিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছিলেন।
গাজীপুরে পরিস্থিতি স্বাভাবিক
অন্যদিকে গাজীপুর শিল্পাঞ্চলে শনিবার পরিস্থিতি ছিল অনেকটাই স্বাভাবিক। মহানগর ও জেলার কোথাও নতুন করে শ্রমিক আন্দোলন কিংবা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, জেলার প্রায় ৮০ শতাংশ পোশাক কারখানা খোলা রয়েছে। সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকায় শ্রমিকদের স্বাভাবিকভাবে কারখানায় প্রবেশ করতে দেখা যায়।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন বলেন, শ্রমিকেরা আগামী ১ ডিসেম্বর থেকে বেতন বাড়বে এমন প্রত্যাশা নিয়ে কাজে ফিরছেন। তবে মালিকপক্ষ এখনও বেতন বৃদ্ধির বিষয়ে সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত কোনও প্রস্তাব দেয়নি। গাজীপুর শিল্প পুলিশের এসপি আমজাদ হোসেন বলেন, শিল্পাঞ্চলের পরিস্থিতি শান্ত রয়েছে এবং শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন।






