বাসস জানায়, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ব্যবহৃত যানবাহনের প্রকৃত সংখ্যা গোপন করে টোলের টাকা আত্মসাত এবং সরকারকে রাজস্ব থেকে বঞ্চিত করার অভিযোগে একটি এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সংস্থাটির প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট টিম তেজগাঁও এবং কুড়িল টোল প্লাজায় এই অভিযান পরিচালনা করে। দুদকের জনসংযোগ বিভাগ জানিয়েছে, প্রতিনিধি দলটি উল্লেখিত দুটি টোল প্লাজার টোল আদায় ব্যবস্থা, যানবাহন গণনার প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করে।

প্রাথমিক পরিদর্শনে যানবাহনের সঠিক সংখ্যা নিরূপণ এবং টোল আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়েছে। অভিযোগটি বিশদ পরীক্ষা-নিরীক্ষা ও যাচাইয়ের উদ্দেশ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও কাগজপত্র সংগ্রহ করেছে দুদকের টিম।