ঢাকা টাইমসের প্রতিবেদন অনুযায়ী, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ১৪ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আশফাক আজিজ রুবেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তিনি পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এম এ হাসেমের ছেলে।

গত ১৭ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক মো. আব্দুস সালামের আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন আবেদন করেন আশফাক আজিজ। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বৃহস্পতিবার সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম মিঠু বিষয়টি নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা যায়, আশফাক আজিজ জামিনের পাশাপাশি কারাগারে ডিভিশন সুবিধা দেওয়ার আবেদনও করেছিলেন, তবে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ১৩ অক্টোবর একই আদালত আশফাক আজিজসহ আটজনকে ১৪ বছর করে কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত অন্য ব্যক্তিরা হলেন রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরী, সাবেক সদস্য এস ডি ফয়েজ, এ কে এম ওয়াহেদুল ইসলাম, এস এম জাফর উল্লাহ, এইচ এম জহুরুল হক ও মো. রেজাউল করিম তরফদার এবং এম এ হাসেমের আরেক ছেলে শওকত আজিজ রাসেল।

রায়ে বলা হয়, আশফাক আজিজ ও শওকত আজিজকে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং দণ্ডবিধির ৪০৯ ধারায় দোষী সাব্যস্ত করা হয়। প্রতিটি ধারায় তাদের সাত বছর করে মোট ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ লাখ টাকা জরিমানা দেওয়া হয়। জরিমানা অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

আদালত আশফাক আজিজ ও শওকত আজিজের নামে বরাদ্দ করা পূর্বাচলের সেক্টর-১-এর ৪০৫ নম্বর সড়কের ১১ ও ১৩ নম্বর প্লটের বরাদ্দ বাতিল করে প্লট দুটি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেন।

এদিকে একই মামলায় সাজাপ্রাপ্ত আশফাক আজিজের ভাই শওকত আজিজ গত ১ নভেম্বর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন। সেদিন আদালত তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে ১০ নভেম্বর হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন পান তিনি।