বাংলা ট্রিবিউনের খবর অনুযায়ী, বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের শিক্ষা ভাতার হার পুনর্নির্ধারণ করেছে সরকার। এ-লেভেল ও বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে পড়াশোনার জন্য দেশ ও মিশনের শ্রেণিভেদে নতুন ভাতার হার নির্ধারণ করা হয়েছে। নতুন কাঠামোয় এক সেমিস্টার ও দুই সেমিস্টারের জন্য আলাদা ভাতার পরিমাণ রাখা হয়েছে। সর্বোচ্চ দুই সেমিস্টারের জন্য এ-লেভেল পর্যায়ে ৩৫ হাজার ডলার এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৩৮ হাজার ডলার পর্যন্ত শিক্ষা ভাতা নির্ধারণ করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-১-এর ব্যয় ব্যবস্থাপনা-২ শাখা থেকে ১৯ নভেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, বিদেশের বাংলাদেশ মিশনগুলোকে চারটি শ্রেণিতে ভাগ করে শিক্ষা ভাতা নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনের তালিকায় ‘ক’ শ্রেণিতে থাকা মিশনগুলোর জন্য এ-লেভেল পর্যায়ে এক সেমিস্টারের শিক্ষা ভাতা ২৫ হাজার ডলার এবং দুই সেমিস্টারের জন্য ৩৫ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে এক সেমিস্টারের জন্য ২৫ হাজার ডলার এবং দুই সেমিস্টারের জন্য ৩৮ হাজার ডলার দেওয়া হবে। ‘খ’ শ্রেণির মিশনগুলোর ক্ষেত্রে এ-লেভেল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে এক সেমিস্টারের জন্য ২১ হাজার ডলার এবং দুই সেমিস্টারের জন্য ৩২ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে।

‘গ’ শ্রেণির মিশনগুলোর ক্ষেত্রে এ-লেভেল ও বিশ্ববিদ্যালয়—উভয় পর্যায়ে এক সেমিস্টারের জন্য ২১ হাজার ডলার এবং দুই সেমিস্টারের জন্য ২৮ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, ‘ঘ’ শ্রেণির মিশনগুলোর ক্ষেত্রে এ-লেভেল পর্যায়ে এক সেমিস্টারের জন্য ২০ হাজার ডলার এবং দুই সেমিস্টারের জন্য ২৫ হাজার ডলার দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে এক সেমিস্টারের জন্য ২১ হাজার ডলার এবং দুই সেমিস্টারের জন্য ২৫ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে।

শিক্ষা ভাতা পাওয়ার ক্ষেত্রে কয়েকটি শর্তও নির্ধারণ করেছে অর্থ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সন্তানের প্রকৃত শিক্ষা ব্যয়ের ১৫ শতাংশ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীকে ব্যক্তিগতভাবে বহন করতে হবে। একই সময়ে সর্বোচ্চ দুই সন্তানের জন্য শিক্ষা ভাতা দেওয়া হবে। শিক্ষা ভাতার অর্থ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে ব্যাংকিং চ্যানেল, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার অথবা অন্য কোনো ডিজিটাল পদ্ধতিতে সরাসরি পরিশোধ করতে হবে। নতুন আদেশটি অবিলম্বে কার্যকর হবে।