ঢাকা পোস্টের প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রামে পুলিশের টহল পিকআপ চুরির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক উপ-পরিদর্শকসহ (এসআই) চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। রোববার (২২ নভেম্বর) এক অফিস আদেশে তাদের বরখাস্ত করা হয়।
সিএমপির জনসংযোগ কর্মকর্তা সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ জানান, তদন্ত শেষে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। গত ১৮ নভেম্বর দুপুর পৌনে ৩টার দিকে নগরের হালিশহর থানার ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইন্সের সামনের সড়ক থেকে পিকআপটি চুরি হয়। ওই সময় গাড়িতে থাকা তিন পুলিশ সদস্য ও চালক খাবার খেতে যান। প্রায় ১০ মিনিট পর ফিরে এসে তারা গাড়িটি দেখতে পাননি।
পুলিশ সূত্রে জানা গেছে, এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে দুই কনস্টেবল ওই টহল দলে ছিলেন। তারা গাড়িটি জেলা পুলিশ লাইন্সের গেটসংলগ্ন পুনাক ক্যান্টিনের সামনে রেখে খাবার খেতে যান। সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি নকল চাবি ব্যবহার করে গাড়িটি চালু করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
চুরির প্রায় তিন ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ফকিরনিরহাট এলাকা থেকে পিকআপটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. রুবেল নামে এক ব্যক্তিকে একই দিন রাতে নগরের ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
ফুটেজে চুরির আগে সন্দেহভাজনদের গতিবিধিও ধরা পড়ে। দেখা যায়, মোটরসাইকেলে করে দুজন এসে পিকআপটির আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় মোটরসাইকেলচালক রুবেলের সঙ্গে প্রায় সাত সেকেন্ড কথা বলেন। পরে রুবেল পিকআপটি নিয়ে চলে যান। চুরির পর পুলিশের গাড়ির পরিচয় ব্যবহার করে একটি নির্ধারিত পেট্রলপাম্প থেকে বিনামূল্যে ২৮ লিটার জ্বালানি নেন রুবেল। পরে গাড়িতে যান্ত্রিক সমস্যা দেখা দিলে সেটি একটি গ্যারেজে নিয়ে মেরামতের চেষ্টা করেন।
দায়িত্বে অবহেলার অভিযোগে এসআই দেলোয়ার হোসেন, গাড়িচালক আক্তারসহ চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে উদ্ধার হওয়া পিকআপটি এখনো হালিশহর থানার দায়িত্ব পালনে ব্যবহার করা হচ্ছে।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, গাড়িটি পুরোনো হওয়ায় অন্য চাবি দিয়েও চালু করা গেছে। পুলিশের কিছু পুরোনো গাড়ি পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি গাড়িটি নিজেদের হেফাজতে রাখার দায়িত্ব ছিল সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের। তারা সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন।






