বিদেশে পাচার করা অর্থ ও সম্পদ দেশে ফেরানোর প্রক্রিয়া সহজ এবং অর্থ পাচারের তদন্ত কার্যকর করতে ‘মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২’ সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। আজকের পত্রিকার সূত্রে জানা গেছে, এ লক্ষ্যে আইনের প্রস্তাবিত সংশোধনী পর্যালোচনা করে মতামত ও সুপারিশ দিতে ছয় সদস্যের কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক সূত্র জানায়, বিদেশে পাচার করা সম্পদ পুনরুদ্ধারে আইনের কয়েকটি ধারা সংশোধনের উদ্যোগ নেয় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। গত ৭ অক্টোবরের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দুদক এই কমিটি গঠন করে। কমিটির আহ্বায়ক করা হয়েছে দুদকের নতুন মহাপরিচালক মোহাম্মদ মোরশেদ আলমকে এবং সদস্যসচিব করা হয়েছে সহকারী পরিচালক মো. সাইদুর রহমানকে।

আইন প্রয়োগে জটিলতা ও সম্পদ উদ্ধারে বাধার বিষয়গুলো পর্যালোচনা করে এভিডেন্স অ্যাক্টের সঙ্গে সামঞ্জস্য যাচাই করবে এই কমিটি। প্রয়োজনীয় সংশোধন, সংযোজন বা বিয়োজনের সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানোর নির্দেশনা রয়েছে কমিটির প্রতি। এছাড়া দুদক সচিব সাইদুর রহমান খান আজকের পত্রিকাকে জানিয়েছেন, অর্থ পাচারের তদন্তে বিদ্যমান আইনের সীমাবদ্ধতা পর্যালোচনা এবং সম্পদ ফিরিয়ে আনতে সংশোধিত আইনি কাঠামো কীভাবে সহায়ক হতে পারে, সে বিষয়েও সুপারিশ তৈরি করবে কমিটি।