অনুকূল আবহাওয়া ও রোগবালাই কম থাকায় এবার রাজশাহীতে ধানের ফলন ভালো হয়েছে। বিঘাপ্রতি ১৭ থেকে ২০ মণ পর্যন্ত ধান পাচ্ছেন কৃষক। ভালো ফলন হলেও বাজারে ধানের দাম কম হওয়ায় কৃষকের স্বস্তি নেই।
আজকের পত্রিকা জানায়, রাজশাহীর বাজারে বর্তমানে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে প্রায় ১ হাজার ২০০ টাকায়। কৃষকদের দাবি, উৎপাদন খরচ ও পরিশ্রমের যথাযথ মূল্য পেতে প্রতি মণ ধানের দাম অন্তত ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকা হওয়া প্রয়োজন।
নভেম্বরের শুরু থেকেই রাজশাহীর বিভিন্ন এলাকায় আগাম জাতের রোপা আমন ধান কাটা শুরু হয়েছে। তবে পুরোদমে ধান কাটা শুরু হতে আরও এক থেকে দুই সপ্তাহ সময় লাগবে।
পবা উপজেলার তেঘর, বাগসারা ও পাইকপাড়া বিল ঘুরে দেখা যায়, বিস্তীর্ণ মাঠের কোথাও পাকা, কোথাও আধাপাকা ধান বাতাসে দুলছে। ভোরের হালকা কুয়াশার ভেতর মাঠজুড়ে ছড়িয়ে পড়েছে সোনালি আভা।
কৃষকেরা জানান, এবার আগাম ব্রি-১০৩ ও বিনা-১৭ জাতের আমন ধানের ফলন ভালো হয়েছে। ইতিমধ্যে অনেকেই জমির ধান কেটে ঘরে তুলেছেন। তবে সার, কীটনাশক ও ডিজেলের দাম বৃদ্ধি এবং শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বেড়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি মৌসুমে জেলায় ৮৩ হাজার ৬০০ হেক্টর জমিতে রোপা আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। আবাদ হয়েছে ৮৩ হাজার ৬৭০ হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৭০ হেক্টর বেশি।






