ঢাকা টাইমসের প্রতিবেদন অনুযায়ী, জাতীয় সংসদে কৃষকদের উদ্দেশ্য করে আপত্তিকর শব্দচয়ন করে তীব্র বিতর্কের সৃষ্টি করেছেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল। রবিবার (১৫ নভেম্বর) সংসদের অধিবেশনে সরকারি খাদ্যগুদামে ধান বিক্রির অনলাইন জটিলতা নিয়ে আলোচনার সময় তিনি মন্তব্য করেন, দেশের অধিকাংশ কৃষক ‘অশিক্ষিত, অর্ধশিক্ষিত বা মূর্খ’।

এরপর দাঁড়িয়ে চিফ হুইপ মো. নূরুল ইসলাম সংসদ সদস্যদের ভাষা ও শব্দচয়নে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি যুক্তি দিয়ে বলেন, গ্রামের অনেক কৃষক হয়তো প্রাতিষ্ঠানিক উচ্চশিক্ষা পাননি বা দাপ্তরিক কাগজপত্র বুঝতে সমস্যা হতে পারে, কিন্তু তারা ‘মূর্খ’ নন। তিনি ডেপুটি স্পিকারের কাছে ‘মূর্খ’ শব্দটি কার্যবিবরণী থেকে দ্রুত বাদ দেওয়ার অনুরোধ জানান।

চিফ হুইপের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংসদীয় কার্যবিবরণী থেকে ‘মূর্খ’ শব্দটি আনুষ্ঠানিকভাবে এক্সপাঞ্জ বা বাদ দেওয়ার ঘোষণা দেন।