মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সর্বমোট খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ঢাকা পোস্টের বরাতে জানা যায়, সরকারের নির্ধারিত এই খরচের বাইরে কেউ অতিরিক্ত অর্থ আদায় করলে কিংবা অনিয়মে জড়ালে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করেছেন।
রোববার জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য তুলে ধরেন। অধিবেশনে সংসদ সদস্য জানান যে বর্তমানে মালয়েশিয়ায় যেতে কর্মীদের সাত থেকে আট লাখ টাকা পর্যন্ত খরচ হচ্ছে। এর প্রেক্ষিতে মন্ত্রী জানান, শিগগিরই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্যে স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে এবং আগামী সপ্তাহের শেষ নাগাদ আনুষ্ঠানিকভাবে কর্মী পাঠানো শুরু হতে পারে।
এদিকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে প্রতারণা ও বিভিন্ন অনিয়মের অভিযোগের ভিত্তিতে সম্প্রতি ৫৬টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করেছে সরকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন অনুযায়ী এসব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।





