ইত্তেফাকের সংবাদ অনুযায়ী, টেকনাফের গহিন পাহাড় থেকে বঙ্গোপসাগরের উপকূল পর্যন্ত মানব পাচারকারীদের তৎপরতা অব্যাহত। চাকরির প্রলোভন, বিদেশে উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে বা অপহরণ করে মানুষকে জিম্মি করা হচ্ছে এবং সাগরপথে মালয়েশিয়া ও থাইল্যান্ডে পাঠানোর চেষ্টা চলছে।
গত ৫ নভেম্বর টেকনাফের রঙ্গীখালী এলাকার পাহাড়ে যৌথ বাহিনীর অভিযানে গোলাগুলি হয়ে এক সেনাসদস্য নিহত হন। অভিযানে জিম্মি অবস্থায় থাকা নারী-শিশুসহ ৫৭ জন উদ্ধার করা হয় এবং মানব পাচার চক্রের পাঁচ সদস্য গ্রেফতার হয়। উদ্ধারকৃতরা বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিক। ভুক্তভোগীদের মতে, মালয়েশিয়া যাওয়ার জন্য জনপ্রতি সাড়ে তিন লাখ টাকা এবং বাড়ি ফিরতে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। আটকে রেখে মারধর ও নির্যাতনের অভিযোগও আছে।
কক্সবাজার উপকূল দিয়ে মানব পাচারের ঘটনা পুরনো। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, ২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত কক্সবাজার উপকূল দিয়ে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে ৩ হাজার ৫৩৪ জন উদ্ধার করা হয়েছে, অধিকাংশ রোহিঙ্গা। ২০১২ থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত মানব পাচারের অভিযোগে ৪৬২টি মামলা দায়ের করা হয়েছে।
গত দুই বছরে কোস্ট গার্ডের অভিযানে সহস্রাধিক মানুষ উদ্ধার হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর টেকনাফের বাহারছড়া এলাকায় কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে ৬৬ জন উদ্ধার করা হয়, যাদের মধ্যে ২৩ নারী, ২২ পুরুষ ও ২১ শিশু ছিলেন। কোস্ট গার্ডের মিডিয়া শাখার উপপরিচালক লেফট্যানেন্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, পাচারকারীদের ট্রলারে মানুষ তুলে গভীর সাগরে পাঠাতে না দিতে উপকূলীয় এলাকা ও পাহাড়ের গোপন আস্তানাও নজরদারি চলছে।
জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তরের (ইউএনওডিসি) ২০২৪ সালের গবেষণায় বলা হয়, টেকনাফ ও চট্টগ্রামের আনোয়ারা থেকে সমুদ্রপথে মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় বন্দরে মানুষ নেওয়া হয়, সেখান থেকে থাইল্যান্ড এবং পরে মালয়েশিয়ায় পাঠানো হয়। এই যাত্রায় পাঁচ থেকে দশ দিন লাগতে পারে।
সাগরে যাত্রার সময় মানব পাচারের শিকারদের জন্য পরিস্থিতি ভয়াবহ। ধারণক্ষমতার চেয়ে বেশি মানুষ ট্রলারে তোলা হয়, খাবার-পানি-চিকিৎসার অভাব থাকে। ইঞ্জিন বিকল, খারাপ আবহাওয়া বা ট্রলার ডুবিতে প্রাণহানির ঘটনা ঘটে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষজ্ঞদের ২৯ জুলাই প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, ২০২৫ সালে ৬ হাজার ৫০০-এর বেশি রোহিঙ্গা বিপজ্জনক সমুদ্রযাত্রায় অংশ নেন, যাদের মধ্যে আনুমানিক ৯০০ জনের মৃত্যু হয়েছে।






