ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশের সহায়তা করার প্রমাণ নথিভুক্ত করা হয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। একাত্তর টিভির বরাতে জানা যায়, বিষয়টি সংশ্লিষ্ট দেশগুলোকে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সরাসরি জানানো হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

এক সংবাদ সম্মেলনে ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রকে হামলায় সহায়তা করতে আঞ্চলিক দেশগুলোর ভূমিকা সংক্রান্ত যাবতীয় প্রমাণ সংরক্ষণ করা হয়েছে এবং তেহরান এটি গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করবে। তিনি অভিযোগ করেন, এসব দেশের সামরিক ঘাঁটি থেকে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র এবং চালকবিহীন আকাশযান ব্যবহার করে আক্রমণ চালানো হচ্ছে। পাশাপাশি দেশগুলো মার্কিন বাহিনীকে রসদ সরবরাহ করছে বলেও তিনি উল্লেখ করেন।

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই সামরিক আগ্রাসনের পরিণতির জন্য আঞ্চলিক দেশগুলোও দায়ী থাকবে বলে সতর্ক করেন বাঘাই। একই সঙ্গে প্রতিবেশী দেশগুলোতে ইরানের সাম্প্রতিক হামলার পক্ষে অবস্থান তুলে ধরে তিনি জানান, জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার্থেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি দাবি করেন, তেহরান কোনো দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করেনি, বরং কেবল ইরানে হামলায় ব্যবহৃত মার্কিন ঘাঁটি ও স্থাপনাগুলোকেই লক্ষ্যবস্তু করা হয়েছে।