প্রথম আলো-র প্রতিবেদন অনুযায়ী, রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির জানান, বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হলে বিভিন্ন ট্রেডিং স্কিমের আওতায় অগ্রাধিকারমূলক বাজারসুবিধা হারাবে। এর প্রভাবে ১৭ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

মন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ২০২টি গন্তব্যে ৫৫ দশমিক ১৯ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে। একই সময়ে আমদানির পরিমাণ ছিল ৭৯ দশমিক ৩৬ বিলিয়ন ডলার। ফলে ওই অর্থবছরে বাণিজ্যঘাটতি দাঁড়িয়েছে ২৪ দশমিক ১৭ বিলিয়ন ডলার। দেশের রপ্তানি বাণিজ্যের ৮৪ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে।

ভারতের সঙ্গে বাণিজ্যঘাটতি নিয়ে মন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থবছরে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ১১ হাজার ৩৮৮ দশমিক ৩৩ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে বাংলাদেশ রপ্তানি করেছে ১ হাজার ৭৬৪ দশমিক ২৩ মিলিয়ন ডলারের পণ্য। ২০২৫-২৬ অর্থবছরে ভারতের সঙ্গে বাণিজ্যঘাটতি ছিল ৯ হাজার ২৪৬ দশমিক ৪১ মিলিয়ন মার্কিন ডলার।

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৬-এ ২২৪ কোটি ২৬ লাখ টাকার রপ্তানি আদেশ পাওয়া গেছে, যা গত বছরের তুলনায় ৪২ দশমিক ৭৯ শতাংশ কম। খাদ্যমন্ত্রী আফরোজা খানম জানান, ২০২৫-২৬ অর্থবছরে দেশে ৪৩৪ দশমিক ৯৬ লাখ মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদিত হয়েছে এবং বর্তমানে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই।